রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ফলাফল দেখানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল স্ক্রিনে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে মন্নুজান হলের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৯৭২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৩৬ ভোট, আর সর্বজনীন শিক্ষার্থী সংসদের তাসিন খান পেয়েছেন ১৭৩ ভোট।
জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য জোটের প্রার্থী সালাহউদ্দিন আম্মার ৮৪১ ভোট পেয়ে এগিয়ে আছেন। শিবিরের ফাহিম রেজা পেয়েছেন ৪৯৫ ভোট এবং ছাত্রদলের নাফিউল জীবন পেয়েছেন ৮৯ ভোট।
অন্যদিকে এজিএস পদে শিবিরের সালমান সাব্বির ৫৫৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সজিবুর রহমান পেয়েছেন ২৫৮ ভোট।
বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ব্যালট বাক্স আনা হয়, এবং সন্ধ্যা সাড়ে ৬টা থেকে গণনা শুরু হয়।
এবারের রাকসু নির্বাচনে মোট ২৮,৯০১ জন ভোটার অংশ নিয়েছেন, যার মধ্যে নারী ৩৯.১০% ও পুরুষ ৬০.৯০%। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদের জন্য ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।