প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কলেজের সকল ছাত্রী বিবাহিত হওয়ায় পাস করেননি কেউ: দাবি শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পঞ্চগড়ে দেখা গেছে এক হতাশাজনক চিত্র। জেলার তিনটি কলেজে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি—যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ফলাফল ঘোষণার পর জানা যায়, বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ—এই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবাই অকৃতকার্য হয়েছেন।

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ৪ জন অনুপস্থিত ছিলেন। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয় মাত্র ১ জন শিক্ষার্থী, এবং আলহাজ তমিজ উদ্দীন কলেজ থেকে অংশ নেওয়া ২ শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি।

মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মন বলেন, “আমাদের এইচএসসি শাখা ১৪ বছর ধরে এমপিওভুক্ত নয়। তাছাড়া দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। শিক্ষক না থাকায় মানসম্মত পাঠদান সম্ভব হচ্ছে না, যার ফলে এমন ফলাফল এসেছে।”

আলহাজ তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাচান আলী বলেন, “আমাদের দুই শিক্ষার্থীর ফল প্রত্যাশিত ছিল না। আমরা ফলাফল পুনঃনিরীক্ষার (বোর্ড চ্যালেঞ্জ) আবেদন করব।”

অন্যদিকে বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, “ভর্তির পর অধিকাংশ ছাত্রী বিয়ে হয়ে যাওয়ায় পড়াশোনায় মনোযোগ হারায়। এই অনাগ্রহই মূলত ব্যর্থতার কারণ।”

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, “এই তিন কলেজের অধ্যক্ষদের শোকজ করা হবে। পাশাপাশি সরেজমিন তদন্ত করে সমস্যার মূল কারণ চিহ্নিত করা হবে। শিক্ষা কার্যক্রমে ঘাটতি দূর করতে পদক্ষেপ নেওয়া হবে।”

শিক্ষাবিদদের মতে, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের অনুপস্থিতি ও সামাজিক সমস্যাগুলো সমাধান না হলে ভবিষ্যতেও এমন ফল পুনরাবৃত্তি ঘটতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা