দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও জিএসসহ ২৬টির মধ্যে ২৪টি পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অপরদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়্যুবুর রহমান তৌফিক।
বুধবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ১৪টি হল ও একটি হোস্টেলের ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফলে দেখা যায়,
ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭,৯৮৪ ভোট।
জিএস পদে একই প্যানেলের সাঈদ বিন হাবীব পেয়েছেন ৮,০৩১ ভোট।
এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়্যুবুর রহমান তৌফিক পেয়েছেন ৭,০১৪ ভোট, যা তাকে একমাত্র ভিন্ন প্যানেলের বিজয়ী করেছে।
এই ফলাফলের মধ্য দিয়ে তিন যুগ পর চাকসুর নেতৃত্বে আসছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত জোট। ভিপি হচ্ছেন ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবীব, এবং এজিএস হচ্ছেন আইয়্যুবুর রহমান তৌফিক।
‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ থেকে নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন—দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হারেজ মাতব্বর, সহ-সাহিত্য সম্পাদক জিহাদ আহনাফ, ছাত্রী কল্যাণ সম্পাদক মাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহ-যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক তানভীর আঞ্জুক শোভন।
যদিও ভোটগ্রহণ সারাদিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, ফলাফল ঘোষণার আগে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার রাত একটার দিকে দুই হলের ফলাফল ম্যানুয়ালি গণনার দাবিতে আইটি ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের আশপাশে ছাত্রদলের সমর্থনে বিএনপি নেতাকর্মী এবং ছাত্রশিবিরের সমর্থনে জামায়াত নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। তবে কোনো বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়।