প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হলের ফল পুনর্গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হলের ফলাফল পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ভোটের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে রাতেই তারা বিক্ষোভ মিছিল করে।

জানা গেছে, সোহরাওয়ার্দী হল সংসদে ভিপি পদে মাত্র ৩ ভোটের ব্যবধানে পরাজিত হন ছাত্রদল সমর্থিত প্রার্থী সুজাত। সেখানে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ১২০৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হন। ফলাফল ঘোষণার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা ফল পুনর্গণনার দাবিতে বিক্ষোভ শুরু করেন।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে প্রকৌশল অনুষদ ভবনে ফল ঘোষণা করা হয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতিতে উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দীনকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

অন্যদিকে, একই রাতে অতীশ দীপঙ্কর হলের ফলাফল ঘোষণা করা হয়, যেখানে শীর্ষ তিন পদেই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারীর নেতৃত্বে ফলাফল ঘোষণা করা হয় রাত ১২টা ২০ মিনিটে।

ফলাফলে দেখা গেছে,ভিপি পদে ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ২২৩ ভোট,শিবিরের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ৯০ ভোট।

জিএস পদে ছাত্রদলের শাফায়াত হোসেন ১৬৪ ভোট পেয়ে এগিয়ে, আর শিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮৩ ভোট।

এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ২৬৬ ভোট, যা অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি।

এর আগে মাস্টার দা সূর্য সেন হলের ফলাফলেও দেখা গেছে শীর্ষ পদগুলোতে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা।

সেখানে ভিপি পদে ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট, শিবিরের ইব্রাহীম হোসেন ১৩০ ভোট।

জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১৭৫ ভোট, আর এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই চাকসু নির্বাচনে ১৩টি প্যানেল অংশ নেয়। ২৭,৫১৮ জন ভোটার ২৩২টি পদে ভোট দেন। ভোটগ্রহণ চলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যা হয় ব্যালট পেপারে এবং গণনা চলছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে।

ভোট নির্বিঘ্ন করতে অনুষদের ডিনদের রিটার্নিং কর্মকর্তা এবং বিভাগের সভাপতিদের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। শহরে থাকা শিক্ষার্থীদের ভোট দিতে আসা-যাওয়ার সুবিধার্থে শাটল ট্রেন ও বিশ্ববিদ্যালয় বাসের বিশেষ সার্ভিস চালু করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই নির্বাচনকে শিক্ষার্থীরা দেখছেন “গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা” হিসেবে, যদিও ভোট-পরবর্তী বিতর্ক ও ফল নিয়ে উত্তেজনা এখনো পুরোপুরি থামেনি।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা