দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল প্রকাশ করেন।
ফলাফলে দেখা গেছে, এ হলে মোট ২,৯২২ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ভিপি, জিএস ও এজিএস— তিনটি গুরুত্বপূর্ণ পদেই ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
ঘোষিত ফলাফলে—সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ১,৪৯৮ ভোট,
আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬৮০ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১,৪০৪ ভোট,বিপরীতে ছাত্রদলের শাফায়াত হোসেন পেয়েছেন ৪৫৮ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মুন্না পেয়েছেন ৯০৬ ভোট,যেখানে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৮৬৮ ভোট।
চবি ক্যাম্পাসে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে উভয় দলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।