প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাকসু নির্বাচনে বহিরাগতদের উপস্থিতিতে শঙ্কা: ১ নম্বর গেটে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দেন। তবে ভোটের দিন বিকেলে বহিরাগতদের উপস্থিতি ঘিরে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়।

 

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলগেট এলাকার রফিক ছাত্রাবাসের সামনে প্রায় শতাধিক বহিরাগত ছাত্রদল ও যুবদল নেতাকর্মী জড়ো হন। তাদের উপস্থিতি ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা দেখা দেয়।

 

সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রতীক সিকদার বলেন,চবি চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। তবে বহিরাগতদের উপস্থিতি অস্বস্তি তৈরি করেছে। আমরা চাই না বাইরের কেউ আমাদের ভোটে প্রভাব ফেলুক। প্রশাসন যেন বিষয়টি গুরুত্ব সহকারে নেয়।”

বিষয়টি নিয়ে চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন বলেন,আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আছি। বাইরে ছাত্রদল ও যুবদলের কর্মীদের জড়ো হওয়ার বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।”

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে বহিরাগতদের উপস্থিতির কারণে বুধবার (১৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বিজিবি মোতায়েন করা হয়।

 

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নির্বাচন যেন শেষ পর্যন্ত গণতান্ত্রিক ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয় এবং কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা না ঘটে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা