যশোরের ঝিকরগাছায় রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা আলিয়া মাদ্রাসা মিলনায়তনে এই আয়োজন করে ঝিকরগাছা উপজেলা রিকশা-ভ্যান ও ইজিবাইক ট্রেড শ্রমিক ইউনিয়ন।
সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন সবুজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল মালেক, যিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ট্রেড ইউনিয়নের গুরুত্বের ওপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি নজরুল ইসলাম ও হান্নান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত ফেডারেশনের সভাপতিবৃন্দ। সেক্রেটারি মো. আলমগীর হোসেন পুরো সমাবেশটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং তাদের ন্যায্য অধিকার ও সুবিধা নিশ্চিত করার বিষয়ে সক্রিয় আলোচনা অনুষ্ঠিত হয়।