জামালপুরে হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জামালপুর আজাদ ট্রেড সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন।
প্রধান অতিথি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় ভুগছে। এর সমাধান একমাত্র ইসলামী আদর্শের মধ্যেই নিহিত। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, রাষ্ট্র পরিচালনার পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করেছে।
তিনি আরও বলেন, হেযবুত তওহীদের সংগ্রাম রাজনৈতিক নয়, বরং চেতনাগত লড়াই। কুসংস্কার ও ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে এই লড়াই প্রয়োজন। আধুনিক তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশ্ব পরিস্থিতি ও জাতীয় প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, ব্রিটিশ ঔপনিবেশিক যুগের বিধি-প্রণালিতে দেশ চলায় অন্যায়, অবিচার ও অশান্তি বৃদ্ধি পেয়েছে। রসুল (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত নিরাপদ সমাজের আধুনিক রূপ তুলে ধরা হয়েছে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থে। তিনি সাংবাদিকদের কাছে এই বিষয়গুলোর গুরুত্ব প্রচারের অনুরোধ জানান।
সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীরা প্রতিপাদ্য বিষয় নিয়ে মুক্ত আলোচনা করেন এবং তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে মতামত ও গঠনমূলক প্রস্তাব তুলে ধরেন। এতে জামালপুর প্রেস ক্লাব ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।