বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ঢাকাস্থ নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাত ও বৈঠকে উভয় পক্ষ এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে রাষ্ট্রদূত হাকন গুলব্রান্ডসেন জামায়াতের আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্রের অগ্রগতি ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মতবিনিময় হয়। আমির ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে অপরিহার্য এবং আন্তর্জাতিক সহযোগিতা ও কারিগরি সহায়তার প্রয়োজন রয়েছে।
উভয় পক্ষ বাংলাদেশের টেকসই গণতন্ত্র, মানবাধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা করেন। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাতে নতুন সহযোগিতার সুযোগ নিয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।
জামায়াতে ইসলামী প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।