প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান ও আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫

সীমান্তে টানা রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার ভোরে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় বহু প্রাণহানির পর উভয়পক্ষ আগামী ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) এক বিবৃতিতে জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘণ্টার জন্য পারস্পরিক সম্মতির ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর হবে। এটি কার্যকর হবে আফগান তালেবান সরকারের অনুরোধে। এ সময়ের মধ্যে উভয় দেশ কূটনৈতিক সংলাপের মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খুঁজবে বলে জানানো হয়েছে।

এর আগে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহার ও কাবুলে ‘নির্ভুল প্রতিশোধমূলক হামলা’ চালানোর দাবি করে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ জানায়, আফগান তালেবানের আগ্রাসনের জবাবে পরিচালিত অভিযানে তাদের একাধিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

পিটিভির পোস্টে বলা হয়, কান্দাহারে তালেবানের চতুর্থ ও অষ্টম ব্যাটালিয়ন সদরদপ্তরসহ কয়েকটি সীমান্ত ব্রিগেডকে নিশানা করা হয়। এসব হামলায় বহু আফগান ও বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, সব লক্ষ্যবস্তু বেসামরিক এলাকা থেকে দূরে ছিল এবং নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, আফগান তালেবানের দাবি—বেলুচিস্তান সীমান্তে পাকিস্তানের হামলায় নিরীহ বেসামরিক নাগরিকও হতাহত হয়েছেন। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তালেবানদের কাপুরুষোচিত হামলার জবাবে পাল্টা অভিযান চালানো হয়েছে, যেখানে ১৫ থেকে ২০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

গত এক সপ্তাহেই দুই দেশের মধ্যে এটি তৃতীয় বড় সংঘর্ষ। এর আগে মঙ্গলবার কুররম জেলায় এবং সপ্তাহান্তে বেলুচিস্তান সীমান্তে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। পাকিস্তানের পক্ষের দাবি অনুযায়ী, এসব সংঘর্ষে তাদের ২৩ সেনা নিহত ও অন্তত ২৯ জন আহত হন।

গোয়েন্দা তথ্যে জানা গেছে, পাকিস্তানের পাল্টা হামলায় আফগানিস্তানের ভেতরে তালেবান ও সহযোগী জঙ্গি গোষ্ঠীর দুই শতাধিক সদস্য নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েক শত।

সীমান্ত উত্তেজনা থামাতে উভয় দেশই আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় শান্তিপূর্ণ আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা