প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রিপন মিয়াকে নিয়ে যা বললেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত যেকোনো বিষয়ে স্পষ্ট মতামত দিতে পরিচিত ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এবার তিনি সরব হয়েছেন সমালোচনার মুখে থাকা কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে।

 

বুধবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে চমক লেখেন,”সব দোষ রিপন মিয়ার। স্বার্থে আঘাত লাগলে মানুষ নিজের বাবা-মাকেও টেনে নামাতে পারে! রিপন মিয়া কতটা ভালো বা খারাপ—সবাই তা নিয়ে আলোচনা করছে, কিন্তু আমরা কি কখনো মুদ্রার অপর পিঠটা দেখি?”

তিনি আরও লেখেন,“তার বাবা-মা একবারও ভাবলেন না সন্তানের সম্মান নিয়ে। মিডিয়ার চাকচিক্য পর্দায় যতটা ঝলমলে লাগে, বাস্তব জীবনে কিন্তু তা অনেক ভিন্ন। রিপনের চলাফেরা কিংবা ব্র্যান্ড স্পন্সরশিপ দেখে কেউ হয়তো তাকে ধনী ভাবছে, কিন্তু সেটাই পুরো সত্য নয়।”

চমক রিপনের বাবা-মায়ের ভূমিকার দিকেও আঙুল তোলেন। তার ভাষায়, “নিজের ছেলে সামান্য ভালো কিছু করলেও যদি বাবা-মা খুশি হতে না পারেন, তাহলে সমাজের অন্যদের কাছ থেকে আমরা সহমর্মিতা আশা করব কীভাবে?”

মিডিয়ার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি লেখেন,“কিছু সাংবাদিক মানুষকে টেনে নামানোর জন্য অন্যের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ে। সামান্য কিছু অর্থের জন্য অন্যের মর্যাদা নষ্ট করার এই প্রবণতা লজ্জাজনক।”

পোস্টের শেষে চমক লিখেছেন,“প্রকৃতি সব সময় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—আমরা কতটা হিংস্র, নিরাপত্তাহীন, হিংসুটে ও অসহায়। শেষ কথা—সব দোষ রিপন মিয়ার।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে স্ত্রীকে অস্বীকার করা এবং বাবা-মাকে অবহেলা করার অভিযোগ ওঠে। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে আসার পর সেটি ভাইরাল হয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা