আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় এক আবেগঘন দৃশ্য দেখা গেছে বুধবার (১৫ অক্টোবর)। সেখানে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু যখন সহকর্মীদের উদ্দেশে বলেন,“আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না, আমার মামলা ট্রাইব্যুনাল–২ এ পাঠানো হয়েছে,”
তখন পাশে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাকে সান্ত্বনা দিয়ে বলেন,“চিন্তা করবেন না ভাই, আল্লাহ ভরসা। বুকে বল রাখুন, মনোবল হারাবেন না।”
এ সময় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মন্তব্য করেন,“এভাবে ওঠানো–নামানোর নাটক কবে শেষ হবে এদের?”
বুধবার সকালে জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা সাত মামলায় মোট ১৬ জন সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ঢাকায় আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে একে একে সবাইকে আদালতের এজলাসে তোলা হয়।
কাঠগড়ার সামনের সারিতে বসেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার পাশে ছিলেন আমির হোসেন আমু, কামরুল ইসলাম ও আবদুর রাজ্জাক। মাঝের সারিতে ছিলেন ডা. দীপু মনি, আর তার ঠিক পেছনে হাসানুল হক ইনু ও কামাল আহমেদ মজুমদার।
পরে মামলার পরবর্তী শুনানির তারিখ ৮ ডিসেম্বর নির্ধারণ করে আদালত। এ পর্যন্ত তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত দুই মাস সময় দেওয়া হয়েছে।
সেদিন ট্রাইব্যুনালে আরও উপস্থিত ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদার।
দুপুরের পর সবাইকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।