প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে  আলভী ও মেহেদী 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫

গাজীপুরে ভেটেরিনারি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের পেশাগত সংগঠন গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (জিভিএসএ)-এর নতুন কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ৬২ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফি বিন আমজাদ আলভী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।

কমিটিটি অনুমোদন করেন সংগঠনের বিদায়ী সভাপতি ডা. শামসুল আরেফিন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ডা. এহসানুল হক রিমন। নতুন কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ডিসিপ্লিনে অধ্যয়নরত শিক্ষার্থীরা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ডা. এহসানুল হক রিমন বলেন, “গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সবসময়ই ছিল ঐক্য, নেতৃত্ব ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। আমি বিশ্বাস করি, নতুন কমিটির হাতে এই সংগঠন আরও এগিয়ে যাবে, ভেটেরিনারি শিক্ষার্থীদের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

তিনি আরো বলেন, “সংগঠনের প্রতিটি সদস্যই এই যাত্রার অংশীদার তাদের ভালোবাসা, পরিশ্রম ও আন্তরিকতাই জিভিএসএ-কে আজকের অবস্থানে এনেছে। আমি নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তারা যেন নিষ্ঠা, ঐক্য ও দায়িত্ববোধের মাধ্যমে সংগঠনকে আরও উজ্জ্বল উচ্চতায় নিয়ে যায় এই কামনা করি।”

 

সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মেহেদী হাসান বলেন, “ভেটেরিনারি শিক্ষার্থীদের ঐক্য, নেতৃত্ব বিকাশ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জিভিএসএ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সাধারণ সম্পাদক হিসেবে আমি এই সংগঠনকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করে গড়ে তুলতে কাজ করবো। সকলের সহযোগিতা ও পরামর্শই হবে আমার পথচলার প্রেরণা।”

নবগঠিত কমিটির সভাপতি সাফি বিন আমজাদ আলভী বলেন, “গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকেই গাজীপুর জেলার প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রাখা এবং সার্বিক সমৃদ্ধি নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি আমাদের উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের আস্থা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরো বলেন, “আমি বিশ্বাস করি, নবগঠিত কমিটি গাজীপুরসহ সারাদেশে ভেটেরিনারি সেবার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। আমরা একসাথে এগিয়ে যাব, ভবিষ্যতের ভেটেরিনারি নেতৃত্ব গড়ে তুলতে এবং প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা