রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ভয়াবহ কেমিক্যাল গোডাউনের আগুন প্রায় ২৮ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন,“দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর বিকেল ৪টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। সর্বশেষ পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছিল।”
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসে আগুন লাগার সংবাদ পৌঁছায়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল ১১টা ৫৬ মিনিটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিরপুর রূপনগরের শিয়ালবাড়ী এলাকার একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়।
আগুনে গোডাউনের বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে, এবং নিহতদের মধ্যে কয়েকজন শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।