প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুড়িগ্রামে চোর ধরতে গিয়ে পুলিশের গাড়ির চাবিই চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে চোর ধরতে গিয়ে উল্টো পুলিশের সরকারি গাড়ির চাবি চুরি হওয়ার এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে ওই গ্রামের কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে চুরির পর আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় সোমবার সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে স্থানীয়রা আটক করে। পরে খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়।

 

কিন্তু আটকদের থানায় নেওয়ার সময় ঘটে বিপত্তি—পুলিশের সরকারি পিকআপ ভ্যানের চাবি চুরি হয়ে যায়। ফলে গাড়িটি ঘটনাস্থলেই প্রায় তিন ঘণ্টা আটকে থাকে। পরে ওসির নির্দেশে অন্য একটি সরকারি গাড়িতে করে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।

 

পরে থানা থেকে অতিরিক্ত সদস্যরা গিয়ে খোঁজাখুঁজি করে পিকআপের চাবিটি পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করেন।

 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন,“সন্দেহভাজনদের আনার সময় পিকআপ ভ্যানের চাবি হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে সেটি উদ্ধার করা হয়েছে।”

ঘটনাটি এলাকাজুড়ে কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি করেছে।

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা