প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইমামের কাছে চাঁদা দাবি: ২৯ দিন ধরে কাযর্ক্রম বন্ধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইমামের কাছে চাঁদা দাবির জেরে একটি হেফজখানা ও এতিমখানা ২৯ দিন ধরে বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে এবং স্থানীয় মুসল্লিরা নামাজ আদায়ে সমস্যায় পড়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার আওনা ইউনিয়নের স্থল হাজীবাড়ী তয় তলা জামে মসজিদ হেফজখানা ও এতিমখানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আবু ইসলাম সাদ্দাম নামের এক ব্যক্তি মাদ্রাসার ইমাম হাসান আলীর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ইমাম টাকা দিতে অস্বীকৃতি জানালে সাদ্দাম মাদ্রাসার বিদ্যুতের মূল সুইচ বন্ধ করে দেন। নিরাপত্তাহীনতায় পড়ে ইমাম মাদ্রাসা ছেড়ে চলে যান। ফলে ১৪ সেপ্টেম্বর থেকে পাঠদান বন্ধ রয়েছে এবং প্রায় ২০ জন শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

ইমাম হাসান আলী বলেন,“সাদ্দাম আমার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিল। না বলায় সে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এরপর আমি নিরাপত্তার জন্য প্রতিষ্ঠান ছেড়ে চলে আসি।”

স্থানীয়রা জানান, অভিযুক্ত সাদ্দাম আগে ছাত্রলীগের সদস্য ছিলেন, পরে ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়েন। একই সময়ে আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান জুগলুর বাড়িতেও ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, হাজীবাড়ী জামে মসজিদ ও হেফজখানাটি আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান জুগলুর আর্থিক সহায়তায় পরিচালিত হয়। তিনি শিক্ষার্থীদের খাবার ও ইমামের বেতন বহন করে আসছিলেন। এছাড়াও প্রবাসী আব্দুস সামাদ আজাদ তারা, খোকন মিয়া ও নাজিম উদ্দিন লালুসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠানটিকে নিয়মিত সহায়তা দিয়ে আসছেন।

মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত আল আমিন বলেন,“এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা চাই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে মাদ্রাসা পুনরায় চালু করুক।”

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত সাদ্দামকে পাওয়া যায়নি।

সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদুল হাসান রাশেদ বলেন,“এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল বলছে,“এতিম ও দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ বন্ধ হয়ে যাওয়া মানবিকতার পরিপন্থী। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

 

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা