জামিন প্রাপ্ত আসামিদের দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার ভোগান্তি দূর করতে অনলাইনে জামিননামা পাঠানোর নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এখন থেকে আদালত থেকে জামিন পাওয়ার পর এক ক্লিকেই সেই জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, “আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর প্রতিটি ধাপে হয়রানির পাশাপাশি কোথাও কোথাও টাকাও খরচ করতে হয়। এসব দুর্ভোগ থেকে মুক্তি দিতে আমরা কাল থেকে অনলাইন জামিননামা চালু করছি। এতে আদালতের রায় অনুমোদিত হলেই এক ক্লিকে তা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। কোনো মধ্যস্থতা বা অতিরিক্ত প্রক্রিয়ার দরকার হবে না।”
তিনি আরও বলেন, “এই প্রকল্প সম্পূর্ণভাবে সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে। কারো সহযোগিতা ছাড়াই আমরা এটি সম্পন্ন করেছি। এটি আমাদের প্রশাসনিক দক্ষতার বড় প্রমাণ।”
আইন উপদেষ্টা জানান, সরকারের বিভিন্ন সংস্থায় প্রচুর অপ্রয়োজনীয় অর্থ পড়ে আছে, যা দেশের উন্নয়নে ব্যবহার করা সম্ভব। “আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকে ১,৬০০ কোটি টাকা এবং রেজিস্ট্রার অফিসে প্রায় ১,৫০০ কোটি টাকা রয়েছে। এগুলো আমরা নিজেরা কাজে লাগাতে পারি,” বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল আরও জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠনের কাজ এগিয়ে চলছে। পাশাপাশি বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুম প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।