প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জনগণের সেবক হয়ে কাজ করার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫

দেশের মানুষ যদি জামায়াতে ইসলামীর ওপর আস্থা রেখে আসন্ন জাতীয় নির্বাচনে দলটিকে বিজয়ী করে, তবে জনগণের মালিক নয়, বরং সেবক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র বা জাতিগত কোনো বৈষম্য থাকবে না। এই দেশ হবে ঐক্যবদ্ধ, ন্যায়ভিত্তিক ও সবার জন্য নিরাপদ।”

তিনি আরও বলেন, “যদি জনগণ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা দুর্নীতি, চাঁদাবাজি ও অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ব্যবসায়ী তার কাজে, চাকরিজীবী তার দায়িত্বে—কেউ অতিরিক্ত ক্ষমতা দেখাতে পারবে না কিংবা অন্যের কাজে হস্তক্ষেপ করবে না।”

জামায়াত আমির অভিযোগ করে বলেন, “প্রতিটি নির্বাচনের আগে অনেক রাজনীতিবিদ বড় বড় প্রতিশ্রুতি দেন। কিন্তু ক্ষমতায় গিয়ে জনগণের কথা ভুলে যান, রাষ্ট্রের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেন। এবার জনগণকে সেই ভুল আর করা চলবে না। সৎ, নীতিবান ও চরিত্রবান নেতৃত্বই দেশের প্রকৃত উন্নয়ন আনতে পারে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতার নয়, জনগণের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী। মাঠে-ঘাটে, দুঃসময়ে মানুষের পাশে থেকেই আমরা দেশ ও সমাজের সেবায় কাজ করে যাব।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা