প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা কলেজে হামলার প্রতিবাদে সারাদেশে সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫

ঢাকা কলেজে শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে সারাদেশের সরকারি কলেজে আজ কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। পাশাপাশি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, “ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

সংগঠনটি আরও জানায়, ঢাকাসহ দেশের সব সরকারি কলেজে আজ পূর্ণ কর্মবিরতি পালিত হচ্ছে। কর্মসূচি সফল করতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সব কর্মকর্তাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। এমন কর্মকাণ্ড শিক্ষা পরিবেশে ভীতি ও অস্থিতিশীলতা সৃষ্টি করে, যা জাতীয় শিক্ষাব্যবস্থার জন্য হুমকি।

উল্লেখ্য, সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রার সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় একজন শিক্ষার্থীকে ‘দালাল’ মন্তব্য করার অভিযোগে শিক্ষকরা আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীরা তাকে ছাড়িয়ে আনে। কিছু সময় উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা