প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বের পর অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচে লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। জিওভান্নি লো সেলসোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। এবার দ্বিতীয় ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা, আর এই ম্যাচেই একাদশে ফিরতে পারেন মেসি।

ইন্টার মায়ামির হয়ে টানা খেলার পর বিশ্রাম প্রয়োজন ছিল এই আর্জেন্টাইন সুপারস্টারের। মেজর লিগ সকারে (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় জাতীয় দলের প্রথম ম্যাচে তাকে না খেলিয়ে বিশ্রাম দেন কোচ। তবে পরদিন মায়ামির হয়ে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায় মায়ামির চেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পুয়ের্তো রিকো। অনুশীলনে দেখা গেছে হাসিখুশি মেসিকে, যা তার ফেরার সম্ভাবনা আরও বাড়িয়েছে। এ বিষয়ে স্কালোনি বলেন, “শনিবার আমি মেসিকে খেলতে দেখেছি, সে ভালোভাবেই ম্যাচ শেষ করেছে। আমাদের শেষ অনুশীলনের পর যদি সে সম্পূর্ণ প্রস্তুত থাকে, তাহলে মাঠে নামবে।”

মায়ামির হয়ে খেলা শেষে রোববারই জাতীয় দলে যোগ দেন মেসি। আর্জেন্টিনা দলের এক বিবৃতিতে বলা হয়েছে, “মেসির প্রত্যাবর্তন শুধু প্রত্যাশা নয়, দলের পরিবেশেও নতুন উদ্দীপনা এনেছে। পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি আমাদের ভবিষ্যৎ প্রস্তুতির অংশ।”

ভেনেজুয়েলার বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনা জিতলেও ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ হাতছাড়া করে লাউতারো মার্টিনেজ ও নিকো পাজরা। এবার পুয়ের্তো রিকোর বিপক্ষে আক্রমণভাগে মেসি ফিরলে দল আরও আগ্রাসী হতে পারে বলে মনে করছেন সমর্থকরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা