প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ে আজ অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ধারাবাহিক আন্দোলনের মুখে সরকার মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাবের বিষয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,“অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। সব হিসাব-নিকাশ প্রায় শেষ। আশা করছি, শিক্ষকদের জন্য দ্রুতই সুখবর আসবে।”

তিনি আরও বলেন, যদিও অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশে নেই, তবুও শিক্ষা উপদেষ্টা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে সিদ্ধান্ত গ্রহণে বড় কোনো বাধা নেই।

সূত্র অনুযায়ী, শিক্ষকদের দাবি অনুযায়ী বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশে উন্নীত করা হতে পারে। পাশাপাশি চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা, এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে।

এদিকে, ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। একইসঙ্গে দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন তাঁরা।

সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন,“আজ রাতের মধ্যেই যদি প্রজ্ঞাপন না আসে, তাহলে লং মার্চ ও চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে।”

এর আগে সোমবার থেকেই সারা দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। পাশাপাশি, শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
শিক্ষকরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি মেনে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা