প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের আয়তন ইতালির অর্ধেক হলেও ১৭ কোটি নাগরিকের পাশাপাশি ১৩ লাখ রোহিঙ্গার খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করছে সরকার—এমন মন্তব্য করেছেন দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

ড. ইউনূস বলেন, “তরুণদের নেতৃত্বে জনগণের অংশগ্রহণে বাংলাদেশে এক সফল আন্দোলন সংঘটিত হয়েছিল। এখন সেই তরুণরাই দেশের প্রতিষ্ঠান পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে একটি ন্যায্য ও জনগণের ক্ষমতার প্রতিফলন ঘটানো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, বাংলাদেশ এখন চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, পাশাপাশি বিশ্বের অন্যতম শীর্ষ ধান, সবজি ও মিঠাপানির মাছ উৎপাদনকারী দেশ। কৃষকদের উদ্যমে জমির ফসল ফলানোর হার ২১৪ শতাংশে পৌঁছেছে, এবং ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবন করা হয়েছে।

কৃষিক্ষেত্রে সরকার ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদান করে যান্ত্রিকীকরণ ও শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে তুলেছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।

ক্ষুধা প্রসঙ্গে তিনি বলেন, “ক্ষুধা কোনো স্বল্পতার ফল নয়, এটি এক নৈতিক ও অর্থনৈতিক ব্যর্থতা। ২০২৪ সালে বিশ্বে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল, অথচ পৃথিবী যথেষ্ট খাদ্য উৎপাদন করছে। আমরা যখন ক্ষুধা মোকাবিলায় বিলিয়ন ডলার জোগাড় করতে পারিনি, তখন ২.৭ ট্রিলিয়ন ডলার অস্ত্র কেনায় ব্যয় করেছি—এটাই কি আমাদের অগ্রগতির পরিচয়?”

ড. ইউনূস প্রযুক্তি ও সামাজিক ব্যবসার গুরুত্ব উল্লেখ করে বলেন, “প্রযুক্তিকে নৈতিক ও সামাজিক ব্যবসায়িক কাঠামোর সঙ্গে যুক্ত করতে পারলে নতুন পৃথিবী গড়া সম্ভব। গ্রামীণ ব্যাংক দেখিয়েছে—দরিদ্র নারীরাও হতে পারে সফল উদ্যোক্তা। গ্রামীণ দানোন শিশুখাদ্য অপুষ্টির বিরুদ্ধে কাজ করছে। পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা সমাজকে বদলে দিচ্ছে।”

তিনি আহ্বান জানান—তরুণ, নারী, কৃষক, উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবকদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের। “এর জন্য প্রয়োজন উপযুক্ত আইনি ও আর্থিক কাঠামো, যাতে উদ্ভাবক ও উদ্যোক্তারা বাধাহীনভাবে এগিয়ে যেতে পারেন,”—বলেন প্রধান উপদেষ্টা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা