একই প্রতিবেদন ও ছবি একাধিক পত্রিকায় হুবহু ছাপানোর অভিযোগে ময়মনসিংহ জেলার ১১টি স্থানীয় পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবিবা মীরা। তিনি জানান, ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩’-এর ৪ ও ৭ ধারার লঙ্ঘনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পত্রিকার সম্পাদক ও প্রকাশককে লিখিতভাবে ডিক্লারেশন বাতিলের চিঠি পাঠানো হয়।
বাতিল হওয়া পত্রিকাগুলো হলো— দৈনিক আজকের ময়মনসিংহ (সম্পাদক মো. শামসুল আলম খান), দৈনিক দেশের খবর (এফ. এম. এ. ছালাম), দৈনিক বিশ্বের মুখপত্র (এন. বি. এম. ইব্রাহীম খলিল রহিম), দৈনিক ঈষিকা (প্রয়াত আব্দুর রাজ্জাক তালুকদার), দৈনিক অদম্য বাংলা (নাসির উদ্দিন আহমেদ), দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা (আ. ন. ম. ফারুক), দৈনিক জাহান (প্রকাশক শেখ মেহেদী হাসান নাদিম), দৈনিক কিষানের দেশ (ওমর ফারুক), দৈনিক হৃদয়ে বাংলাদেশ (ফরিদা ইয়াসমীন রত্না) এবং সাপ্তাহিক পরিধি (বিকাশ রায়)।
জেলা প্রশাসনের চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ ও ১৩ এপ্রিল প্রকাশিত সংখ্যাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় অভিন্ন সংবাদ ও ছবি প্রকাশিত হয়, যা অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিতও হয়নি।
এ ঘটনায় ১৬ এপ্রিল ১৩টি পত্রিকার সম্পাদক ও প্রকাশককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তারা ব্যাখ্যায় জানান, এটি বাহ্যিক ছাপাখানার ভুল ও নিজস্ব মুদ্রণ ব্যবস্থার ত্রুটিজনিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি।
তবে জেলা প্রশাসন ওই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করেনি। পরবর্তীতে ১৮ মে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তদন্তে নিশ্চিত হওয়া যায়, পত্রিকাগুলো অনুমোদিত ছাপাখানা থেকে প্রকাশিত নয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসন চূড়ান্তভাবে ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত নেয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন,“ছাপাখানা ও প্রকাশনা আইনের সুস্পষ্ট লঙ্ঘনের প্রমাণ মেলায় ১১টি স্থানীয় পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে।”