প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাত কলেজের বিশ্ববিদ্যালয় রূপান্তর অধ্যাদেশের ৮০% কাজ শেষ: আন্দোলন আপাতত স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়–অধিভুক্ত সরকারি সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সদস্য মো. তানজিমুল আজিজ।

তিনি জানান, অধ্যাদেশের অগ্রগতি দেখে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব তথ্য জানান।

তানজিমুল আজিজ বলেন,“আমরা প্রতিনিধি দল হিসেবে সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টা স্যারের পিএসসহ সংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। তারা জানিয়েছেন, অধ্যাদেশ এখন দ্বিতীয় ধাপে রয়েছে, যা সবচেয়ে সময়সাপেক্ষ। তবে এই ধাপ শেষ হলেই পুরো প্রক্রিয়া প্রায় সম্পন্ন হবে।”

তিনি জানান, অধ্যাদেশ প্রণয়নের অংশ হিসেবে প্রায় ছয় হাজার ই-মেইল যাচাই-বাছাই ও নথিভুক্ত করার কাজ চলছে, যা সময়সাপেক্ষ। আগে দুজন কর্মকর্তা দায়িত্বে ছিলেন, এখন পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে যাতে প্রক্রিয়া দ্রুত এগোয়।

তানজিমুল আজিজ আরও বলেন,“আগামী তিন থেকে চার দিনের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ শেষে পরবর্তী ধাপ শুরু হবে। প্রতিটি ধাপ চার দিনের মধ্যেই শেষ করা সম্ভব হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।”

তিনি আশাবাদ প্রকাশ করে বলেন,“সবকিছু ঠিকঠাক চললে অধ্যাদেশটি খুব শিগগিরই ক্যাবিনেটে উঠবে। তবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য সংশ্লিষ্টরা দেশে থাকলে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে, সফরে থাকলে সামান্য দেরি হতে পারে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন,“অধ্যাদেশের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন ধৈর্য ধরে অপেক্ষা করলেই ফল মিলবে। শিক্ষা উপদেষ্টাও বলেছেন—আমরা যেন আন্দোলনে এমন কিছু না করি যাতে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।”

তবে আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। বলেন,“আমাদের এক শিক্ষক একজন শিক্ষার্থীকে আঘাত করেছেন, যার মাথায় সেলাই দিতে হয়েছে। আরও দুজন আহত হয়েছেন। আমরা চাই এ ঘটনারও সুষ্ঠু তদন্ত হোক।”

আজিজ জানান, শিক্ষার্থীরা এখন মানসিকভাবে ক্লান্ত হলেও অধ্যাদেশ প্রণয়নের অগ্রগতি দেখে নতুন করে আশাবাদী হয়েছেন।

এর আগে বিকেলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত ও অধ্যাদেশ জারির দাবিতে সচিবালয়ে আলোচনা করতে যান সরকারি সাত কলেজের ২৩ সদস্যের প্রতিনিধিদল।

তানজিমুল আজিজ, শিক্ষা উপদেষ্টা, সচিবালয় বৈঠক, সাত কলেজ আন্দোলন, সরকারি কলেজ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ছাত্র আন্দোলন, উচ্চশিক্ষা

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা