প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ট্রাম্পের ভাষণে নেসেটে হট্টগোল, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ প্ল্যাকার্ডে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে হট্টগোলের ঘটনা ঘটেছে। কয়েকজন সংসদ সদস্যের প্রতিবাদে ট্রাম্পের ভাষণ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয় এবং তিনি কিছু সময়ের জন্য বক্তব্য থামাতে বাধ্য হন।

সোমবার (১৩ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, বিরোধী দলের এক সংসদ সদস্য ট্রাম্পের ভাষণের মাঝখানে উঠে দাঁড়িয়ে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি কাগজ উঁচিয়ে ধরেন। এর ফলে সভায় অস্থিরতা ছড়িয়ে পড়ে।

পরে নেসেটের স্পিকার আমির ওহানা উপস্থিত সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান এবং প্রতিবাদকারী সদস্যকে দ্রুত কক্ষ থেকে বের করে দিতে নির্দেশ দেন। যদিও স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, দুজন সংসদ সদস্যকে বের করে দেওয়া হয়, তবে তাদের নাম নিশ্চিত করা যায়নি।

বিক্ষোভের পর ট্রাম্প হাস্যরস করে বলেন,“ওটা ছিল খুবই কার্যকর ব্যবস্থা।”পরে তিনি পুনরায় বক্তব্য শুরু করে বলেন,“এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।”

ট্রাম্প তার ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘অসাধারণ সাহসী নেতা’ হিসেবে উল্লেখ করেন এবং তাকে ধন্যবাদ জানান। তার এমন মন্তব্যে সংসদ সদস্যরা “বিবি, বিবি” স্লোগান দিতে শুরু করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে আরব দেশগুলোর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, যা তিনি “একটি অবিশ্বাস্য সাফল্য” হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন,“এখন এটি হবে ইসরায়েলের স্বর্ণযুগ, এবং পুরো মধ্যপ্রাচ্যেরও।”

এ সময় ট্রাম্প ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও কথা বলেন। তিনি জানান,“দীর্ঘ দুই বছরের বন্দিদশার পর ২০ জন জিম্মি পরিবারের কাছে ফিরেছে। আরও ২৮ জন অবশেষে এই পবিত্র মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে ফিরেছেন।”

ট্রাম্প শেষে আশাবাদ ব্যক্ত করে বলেন,“বন্দুক এখন নীরব, অঞ্চল শান্তিতে আছে—এই শান্তি যেন চিরস্থায়ী হয়।”

সূত্র: বিবিসি।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা