প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়‘ ঘোষণা এমপিও শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আবারও নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীতে ‘সচিবালয় অভিমুখে মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক ঘোষণা সভায় এই কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন,“আমাদের দাবির বিষয়ে আজ রাতের মধ্যে যদি সরকার কোনো প্রজ্ঞাপন বা সিদ্ধান্ত না দেয়, তাহলে আমরা লংমার্চ ও চলমান কর্মবিরতি অব্যাহত রাখব।”

আজিজী আরও জানান, সারা দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান থাকবে যতক্ষণ না তাদের দাবি পূরণে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি হয়।

শিক্ষকদের অভিযোগ, পুলিশের হামলার পরও তারা আন্দোলন থামাবেন না। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে, যেখানে শিক্ষকরা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,“সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আন্দোলন আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে।”

এর আগে, রোববার প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনার পর সোমবারই তারা নতুন কর্মসূচির ঘোষণা দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা