প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনে পক্ষপাত নয়: আইনভঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন— কোনো পুলিশ কর্মকর্তা নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার এই সতর্কবার্তা দেন।

ডিএমপি কমিশনার বলেন,জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। পুলিশের কাজে কোনো দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রকাশ পাওয়া চলবে না।

তিনি আরও নির্দেশ দেন,“কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন গোপনে তৎপরতা চালাতে না পারে— সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে টহল কার্যক্রম আরও জোরদার করতে হবে।”

সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার হোসেন (অতিরিক্ত আইজি) বলেন,“ডিএমপির স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি থানা ভবনগুলো আধুনিকায়ন করা হচ্ছে। সেবাপ্রত্যাশীদের সুবিধার জন্য থানা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।”

এদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন,“বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুততম সময়ে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে সজাগ থাকতে হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা