প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সারাদেশে অবস্থান কর্মসূচির ঘোষণা বিসিএস শিক্ষা ক্যাডারদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ধস্তাধস্তি ও হামলার ঘটনার প্রতিবাদে সারাদেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।

 

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সংগঠনের সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়,“শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাতে এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষার দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে দেশের সব সরকারি কলেজে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন।”

 

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন,

 

“আমরা শান্তিপ্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার কঠোর নিন্দা জানাই। আগামী ১৫ অক্টোবরের পর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক কমিটি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।”

 

এর আগে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা এ ঘটনাকে ‘মব আক্রমণ’ আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

সূত্র জানায়, সোমবার সকাল ৯টার দিকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় কিছু শিক্ষার্থী কলেজের উপাধ্যক্ষের কক্ষে প্রবেশ করে হুমকি প্রদান করে। সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় কলেজ কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষকরা সকাল থেকেই ভিজিলেন্স টিম হিসেবে সতর্ক অবস্থানে ছিলেন।

 

এক পর্যায়ে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌহিদুর রহমান শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে গেলে কিছু শিক্ষার্থী তাঁর প্রতি অশ্রাব্য ভাষায় গালাগাল করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তারা আরও কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে আক্রমণ করে।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক বহিরাগত উপস্থিত ছিল বলে জানা যায়। শিক্ষকরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতিকারীরা পিছু হটে যায়। পরে তারা সংগঠিত হয়ে শিক্ষক লাউঞ্জে হামলা ও ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা