প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মেক্সিকোতে মৌসুমি ঝড়ে মৃত ৪৪, নিখোঁজ ২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫

দুই মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ড-এর তাণ্ডবে বিপর্যস্ত মেক্সিকো। ভারী বর্ষণ ও ভূমিধসের ঘটনায় দেশটিতে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে, আর নিখোঁজ রয়েছেন ২৭ জন। কর্তৃপক্ষের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (১২ অক্টোবর) মেক্সিকোর কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঝড় ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ রাজ্য, যেখানে উদ্ধার করা হয়েছে ১৮ জনের মরদেহ। এছাড়া হিদালাগোতে মারা গেছেন ১৬ জন, পুয়েবলা থেকে ৯ জন এবং কুয়েরেতারো থেকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দপ্তরের তথ্য অনুযায়ী, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে বাড়িঘরের ওপর পড়েছে। এতে বহু স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং উদ্ধারকাজ জটিল হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত টানা ভারী বর্ষণ হয়। শুধু ভেরাক্রুজ রাজ্যেই তিন দিনে ৫৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে—যা ২১ ইঞ্চিরও বেশি।

৯ অক্টোবরের পর বৃষ্টিপাত কমে এলেও ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে থাকে। সেনাবাহিনী ও জাতীয় উদ্ধার দল এখনো দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, “কেউ সহায়তা ছাড়া থাকবে না।”

রয়টার্স ও এএফপি’র প্রতিবেদনে জানা যায়, এ দুর্যোগে ৫৫টি শহরের ১৬ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

সূত্র: রয়টার্স, এএফপি

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা