প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিষাক্ত স্পিরিট পানে ছয় জনের মৃত্যু: হাসপাতালে আরও ৩ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পান করে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অন্য তিনজন দিনমজুর গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় স্থানীয় কয়েকজন মিলে স্পিরিট পান করেন। এরপর শনিবার থেকে একে একে কয়েকজন অসুস্থ হয়ে মারা যান। সর্বশেষ রোববার (১২ অক্টোবর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

নিহতরা হলেন —নফরকান্তি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালী গ্রামের মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং একই এলাকার সরদার মোহাম্মদ লালটু (৫২)।

এছাড়া একই এলাকার দিনমজুর আলিম উদ্দিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ডিঙ্গেদহ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্রি চলছিল। প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন,

“শনিবার দুইজন এবং রোববার আরও চারজন মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অ্যালকোহলিক পয়জনিংয়ে মারা গেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান,“রোববার বিকেলে লালটু মিয়া নামে এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি দুদিন আগে স্পিরিট পান করেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে তার মৃত্যু হয়।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা