প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আলোচনার মাধ্যমে ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার: সকাল থেকে স্বাভাবিক চলাচল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫

দিনভর স্থবির থাকা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আন্তজেলার সড়কগুলোতে বাস চলাচল অবশেষে স্বাভাবিক হয়েছে। রোববার (১২ অক্টোবর) রাত ৯টা থেকে ময়মনসিংহের সব রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়।

ধর্মঘট প্রত্যাহারের এ সিদ্ধান্ত আসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভা শেষে, যেখানে পরিবহন ভোগান্তি কমাতে ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

জেলা প্রশাসক মো. মুফিদুল আলম নিশ্চিত করেছেন যে,“জনদুর্ভোগের কথা বিবেচনা করে আলোচনার মাধ্যমে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ দেবে।”

পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন,“সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট পক্ষগুলো তাৎক্ষণিকভাবে ধর্মঘট প্রত্যাহার করেছে। পরবর্তীতে অভ্যন্তরীণ বিষয়গুলো আলোচনা করে সমাধান করা হবে।”

অন্যদিকে, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মো. আলমগীর মাহমুদ আলম জানান,“শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সব বিরোধ মিটে গেছে। এখন থেকে সব সড়কে নিয়মিতভাবে বাস চলবে, যাত্রীরা আর কোনো ভোগান্তিতে পড়বেন না।”

উল্লেখ্য, গত শুক্রবার থেকে এনসিপি ও বৈষম্যবিরোধী সংগঠনের বিরোধের জেরে ময়মনসিংহসহ আশপাশের জেলায় বাস চলাচল বন্ধ ছিল। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছিলেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা