প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আদালতের বিচারকের চেম্বার থেকে আইফোন, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ নথি চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫

কক্সবাজার আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে দুটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ সরকারি নথি চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এ চুরি সংঘটিত হয় বলে জানা গেছে। এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আদালত পরিচালনার সময় বিচারক নিয়মিতভাবে তার মোবাইল ফোন ও মানিব্যাগ খাস কামরায় রেখে দেন। সেদিনও একইভাবে রেখে গেলে, অজ্ঞাত ব্যক্তি কামরার দরজা খুলে ভেতরে প্রবেশ করে আইফোন ১৪, ভিভো–১২ মডেলের ফোন দুটি, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

চুরি হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা। মানিব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের সরকারি নথিপত্রও চুরি গেছে বলে মামলায় উল্লেখ রয়েছে।

বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম জানান,“বিচারক মহোদয় আদালত চলাকালীন সময়ে নিয়মিত তার মোবাইল ও মানিব্যাগ চেম্বারে রাখেন। রোববারও একইভাবে রাখলেও অজ্ঞাত চোর সেগুলো নিয়ে গেছে। ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক।”

ঘটনার বিষয়ে নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন,“আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। চুরি হওয়া মোবাইল ও নথিপত্র উদ্ধারের চেষ্টা চলছে।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা