আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে সৌদি আরবে ২১ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত পরিচালিত দেশব্যাপী অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়।
রোববার (১২ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে গালফ নিউজ জানায়, অভিযানে মোট ২১,৪০৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এটি ছিল দেশজুড়ে পরিচালিত এক সপ্তাহব্যাপী বৃহৎ নিরাপত্তা অভিযান।
বিবৃতিতে বলা হয়, আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১২,৪৩৯ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের কারণে ৪,৬৫০ জন, এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে ৪,৩১৪ জনকে আটক করা হয়েছে।
এছাড়া, অবৈধভাবে সৌদি সীমান্তে প্রবেশের চেষ্টা করায় আরও ১,৮৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ইথিওপীয় নাগরিক ৫৪ শতাংশ, ইয়েমেনি ৪৫ শতাংশ এবং অন্যান্য দেশের নাগরিক প্রায় ১ শতাংশ।
একই সময় অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ৩৬ জন প্রবাসীকে আটক করা হয়। তাছাড়া, আইনভঙ্গকারীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে ২৯ জন সৌদি নাগরিক ও প্রবাসীকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে ৩১,৩৪৪ জন আটক প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ২৯ হাজারের বেশি পুরুষ ও দেড় হাজার নারী রয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে ২৩,৮২৪ জনকে তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য, এবং ২,৭৬৪ জনের ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে ১১,৮৪৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সৌদি সরকার জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করলে ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানা করা হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে নাগরিক ও প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে আসছে।
বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরবের শ্রমবাজারে লাখ লাখ বিদেশি কর্মী কাজ করছেন, যাদের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকরাই সংখ্যাগরিষ্ঠ।