বাড়ি ভাতা ২০ শতাংশে উন্নীত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের আটক করেছিল পুলিশ। পরে রোববার (১২ অক্টোবর) রাত ৮টার পর আটক শিক্ষক-কর্মচারীদের মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
এর আগে বিকেল পৌনে ২টার দিকে প্রেস ক্লাব এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করে। এতে কয়েকজন শিক্ষক আহত হন এবং অনেকেই আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়েন। পরে একদল শিক্ষক শহীদ মিনারে অবস্থান নেন, অন্য একটি অংশ প্রেস ক্লাবের সামনেই থেকে আন্দোলন চালিয়ে যান।
শিক্ষকরা জানান, প্রজ্ঞাপন ছাড়া শ্রেণিকক্ষে ফিরবেন না। তারা বলেন, “বহুদিন ধরে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। এবার আমরা প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত ঘরে ফিরব না।
এদিকে বিকেলে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষকদের দাবি নিয়ে প্রাথমিক আলোচনা হয়। সূত্র জানায়, আগামী ২২ অক্টোবরের মধ্যে বাড়িভাতা সংক্রান্ত দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
সমাবেশে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি। শিক্ষক সমাজকে বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়েছে। এবার আমরা আশ্বাস নয়—সরকারি প্রজ্ঞাপন চাই।”
অন্যদিকে শিক্ষক নেতাদের মধ্যে মতবিরোধও দেখা গেছে। একপক্ষ শহীদ মিনারে অবস্থানের পক্ষে থাকলেও, অন্যপক্ষ সচিবালয় অভিমুখে লংমার্চের দাবি তোলে। ফলে আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।