পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিয়েছে দুই দেশের সীমান্ত এলাকা। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, রাতভর চলা এই যুদ্ধে ২০০ জনের বেশি তালেবান ও তাদের সহযোগী নিহত হয়েছে। অন্যদিকে, ২৩ জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন।
রোববার (১২ অক্টোবর) পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়,“দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তানের বীর সৈনিকরা জীবন উৎসর্গ করেছেন। সেনারা সীমান্ত সুরক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।”
পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, অভিযানে তালেবানদের বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং শতাধিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, তালেবান সরকারের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে, পাকিস্তানের অব্যাহত বিমান হামলার প্রতিশোধ নিতেই তারা সীমান্তে গুলি চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, পাকিস্তানের অন্তত ৫৮ সেনা নিহত হয়েছে এবং কয়েকটি সামরিক পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংঘর্ষে উভয় দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সীমান্তপথে বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানে তালেবান পুনঃক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান সীমান্তে অস্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এই সংঘর্ষ দক্ষিণ এশিয়ায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।