প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অবৈধ ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি অবৈধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১২ অক্টোবর) সকালে পাঁচদোনা এলাকার ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন— নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) ও একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া আরও চারজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাঁচদোনা এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে একটি চীনা প্রতিষ্ঠান পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির অবৈধ কারখানা পরিচালনা করে আসছিল। সকালে কাজ চলাকালীন হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের নরসিংদী সদর হাসপাতালে পাঠান।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, “দগ্ধ অবস্থায় সাতজন রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দু’জনের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং একজনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা