প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ: আসতে পারে সারাদেশে কর্মবিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫

ঢাকায় আজ (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় আকারের জমায়েতে মিলিত হচ্ছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে তারা এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছেন।

 

আন্দোলনকারীদের দাবি, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি না হলে আজকের সমাবেশ থেকেই সারাদেশব্যাপী কর্মবিরতি বা লাগাতার আন্দোলনের ঘোষণা আসতে পারে।

 

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন,

 

“সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা শিক্ষকদের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা চাই ন্যায্য হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হোক। দাবি না মানা হলে সারাদেশে টানা কর্মবিরতির ডাক দেওয়া হবে।”

 

 

 

তিনি আরও জানান, দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

 

এর আগে ১৩ আগস্ট একই দাবিতে সংগঠনটি জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ সমাবেশ করেছিল। তখন তারা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও সর্বজনীন বদলি ব্যবস্থার দাবিও উত্থাপন করে। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

 

আজকের কর্মসূচি সেই আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সরকারের নীতিগত সিদ্ধান্তে পরিবর্তন না এলে টানা আন্দোলনের নতুন অধ্যায় শুরু হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা