আশুলিয়া-গাজীপুর সীমান্তে জিরানী বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬টি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে জিরানী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে বহু দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের আঞ্চলিক পরিচালক প্রণব চৌধুরী জানান, প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে, পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল পোশাক, ইলেকট্রনিকস, মুদি ও কসমেটিকসের দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তাদের কয়েক লাখ টাকার পণ্য ভস্মীভূত হয়েছে।