জামালপুরের ইসলামপুরে ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলার সাক্ষাৎকার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায়, পৌর মেয়র পদপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানের নেতৃত্বে শনিবার (১১ অক্টোবর) রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের ভেংগুড়া এলাকায় বড় পর্দায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর। স্থানীয় নারী-পুরুষসহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত থেকে আগ্রহভরে সাক্ষাৎকারটি দেখেন।
নাজিম হোসেন নোমান বলেন, “তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের প্রথম দিনের প্রদর্শনীতে যেমন জনগণের আগ্রহ দেখা গিয়েছিল, দ্বিতীয় দিনেও সেই সাড়া আরও বেড়েছে। জনগণের এ আগ্রহ প্রমাণ করে—তারা এখন পরিবর্তনের প্রত্যাশায়।”
তিনি আরও বলেন, “আমরা এই উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত রাখব যাতে জনগণ সত্য তথ্য জানতে পারে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ-কেষাধ্যক্ষ আজগর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক, পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি কারিমুল্লাহ বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. হালিম, সাধারণ সম্পাদক আরজু, শ্রমিক দলের সভাপতি ফারুক শেখ, সাবেক ছাত্রনেতা রাজু আহমেদ, মিতুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া বক্তব্য সম্প্রচারের মাধ্যমে জনগণ ও তৃণমূলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।