জাতীয় পার্টির কাকরাইল সমাবেশে পুলিশি ‘দৌড়ানি’র বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, সড়ক দখল করে জনভোগান্তি তৈরি হওয়ায় বাধ্য হয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
ডিসি মাসুদ আলম বলেন, “জাতীয় পার্টি আমাদের কাছে আবেদন করেছিল, তবে তা গৃহীত হয়নি। এরপরও তারা সড়ক বন্ধ করে চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে। আমরা বারবার সতর্ক করলেও তারা নির্দেশনা মানেনি। জনস্বার্থে ও যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের সামান্য দৌড়ানি দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “রাস্তায় কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া যায় না। মৌখিকভাবে তাদের জানানো হয়েছিল, যাতে সড়ক দখল করে কর্মসূচি না হয়। কিন্তু তারা তা উপেক্ষা করেছে।”
এক প্রশ্নের জবাবে ডিসি মাসুদ আলম জানান, “কর্মসূচির সময় এলাকার কিছু লোকজন এসে বাধা দিলে আমরা নিজেরাই জাতীয় পার্টির নেতাকর্মীদের রক্ষা করেছি।”
এদিকে বিকেল পৌনে পাঁচটার দিকে পুলিশের সামনেই কাকরাইল কার্যালয়ের সামনে থেকে দলটির একটি মিছিল বিজয়নগর হয়ে পল্টনের দিকে যাত্রা করে। ওই সময় রাস্তার অপর দিক থেকে আরেকটি মিছিল এসে হামলা চালালে জাতীয় পার্টির এক কর্মী আহত হন।