জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকার এবং প্রধান উপদেষ্টারা বারবার ঘোষণা দিচ্ছেন—আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু অন্যদিকে সরকারের তথ্য উপদেষ্টা নিজেই বলেছেন, প্রশাসনের পদগুলো বিএনপি-জামায়াত ভাগাভাগি করে নিয়েছে। এমন প্রশাসনের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব—এটা এখন শিশুরাও বিশ্বাস করে না।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “বিভিন্ন জায়গায় সভা-সমাবেশে গেলে সবাই আমাকে জিজ্ঞাসা করেন—ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না? এই প্রশ্নের মধ্যেই রয়েছে তাদের অনিশ্চয়তা ও সন্দেহ। দেশের সাধারণ মানুষও এখন বিশ্বাস করে না যে, ফেব্রুয়ারিতে সত্যিই নির্বাচন হবে।”
তিনি আরও বলেন, “দেশে এখন মব সন্ত্রাস ও হত্যা মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন অজ্ঞাত মরদেহ উদ্ধার হচ্ছে, প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলা হাস্যকর ছাড়া কিছু নয়।”
সংবিধান পরিবর্তনের উদ্যোগের বিষয়ে জাপা চেয়ারম্যান সতর্ক করে বলেন, “গায়ের জোরে সংবিধান পরিবর্তনের কথা কল্পনাও করবেন না। সময়ের পরিক্রমায় যেভাবে অন্যায়ভাবে সংবিধান পরিবর্তনকারীদের বিচার হয়েছে, ভবিষ্যতেও তাই হবে। সংবিধান পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদ প্রয়োজন—শক্তি প্রয়োগ নয়।”
সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতির আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদা। প্রধান আলোচক ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। এছাড়া সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নু ও কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।