প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

চিপস কিনতে গিয়ে ট্রলিচাপায় প্রাণ গেল চৈতীর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারে ট্রলিচাপায় চৈতী রানী দাস (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী মর্মান্তিকভাবে নিহত হয়েছে।আজ শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সাচার উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চৈতী সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং নয়ন চন্দ্র দাসের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে স্কুল থেকে ফিরে চৈতী রাস্তার পাশের একটি দোকানে চিপস কিনতে যায়। ওই সময় দ্রুতগতির একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সে।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই চৈতী স্কুল থেকে ফিরে দোকানে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা, যা তাদের জীবনে অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে।

স্হানীয় সূত্রে জানা যায়, ট্রলির চালক একই গ্রামের শহর আলীর ছেলে ইসমাইল মিয়া। দুর্ঘটনার পরপরই তিনি পালিয়ে যান।

খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন, ট্রলিটি জব্দ ও চালককে আটক করতে অভিযান চলছে।

একটি নিষ্পাপ শিশুর এমন অকাল মৃত্যুতে সাচার এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী দুর্ঘটনাস্থলে ফুল ও মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা