প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুলিশের বাধায় পণ্ড জাপার কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫

রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

চোখের সামনে থাকা প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বক্তব্য দিচ্ছিলেন ঠিক সেই সময় হঠাৎ রমনা থানার দিক থেকে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ও জলকামান থেকে পানি নিক্ষেপ শুরু হয়। এতে মঞ্চের সামনে থাকা নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন।

ঘটনার সময় উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “আমাদের সমাবেশ ছিল শান্তিপূর্ণ ও সংক্ষিপ্ত। কিন্তু সম্পূর্ণ অযৌক্তিকভাবে পুলিশ তা ভণ্ডুল করে দিয়েছে। তাদের আচরণ দায়িত্বহীন ও আক্রমণাত্মক ছিল। বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।”

অন্যদিকে, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, জাতীয় পার্টি সমাবেশের জন্য আবেদন করেছিল, তবে তা অনুমোদন দেওয়া হয়নি। তিনি বলেন, “তারা রাস্তায় চেয়ার বসিয়ে মঞ্চ তৈরি করেছিল, যা অনুমতিবিহীন। একাধিকবার সতর্ক করার পরও না সরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের পদক্ষেপ নিতে হয়েছে।”

তিনি আরও জানান, সমাবেশে সাউন্ড গ্রেনেড ব্যবহারের কথা শুনেছেন, তবে ককটেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত নন। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা