প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: ড. ছামিউল হক ফারুকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫

নির্বাচনের আগে সব দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী। তিনি বলেন, “গণতান্ত্রিক নির্বাচন চাই, সাজানো নয়— জনগণ এখন ন্যায়ের নির্বাচনের অপেক্ষায়।”

আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস ছাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল এবং জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল।

ড. ফারুকী বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের আত্মত্যাগ ও ন্যায়ের সংগ্রামের প্রতীক। আজও সেই চেতনা প্রাসঙ্গিক, কারণ জনগণ এখনো ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাজনীতি প্রত্যাশা করে। পিআর পদ্ধতি চালু হলে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রাপ্ত ভোট অনুযায়ী আসন পাবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কোনো নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হতে পারে না। তাই নির্বাচনকালীন সময়ে প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করাই হবে প্রকৃত গণতন্ত্রের সূচনা।

সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন মানে জনগণের ঐক্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। আমাদের লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন, যেখানে ইসলামি মূল্যবোধ, মানবিকতা ও গণতন্ত্র একসঙ্গে বিকশিত হবে।

ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো রাজনৈতিক পরিবর্তন টেকসই হয় না। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একটি ন্যায়ের সমাজ গড়ে তুলতে সহায়ক হবে।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানিয়ে বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা