অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ভোরে সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বিমানটি উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার অ্যান্ড রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বিমানটি সম্পূর্ণ পুড়ে যায় এবং আরোহী তিনজনই প্রাণ হারান।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা গেছে, রানওয়ের পাশে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে, এবং আশপাশে উদ্ধারকর্মীরা তৎপরতা চালাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট মোতায়েন করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (ATSB) আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব নিয়েছে, যাতে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণ করা যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এটি একটি ব্যক্তিগত ফ্লাইট ছিল, যাতে মোট তিনজন আরোহী ছিলেন। তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “বিমানটি আকাশে উঠতেই অদ্ভুত শব্দ শোনা যায়, কিছুক্ষণের মধ্যেই নিচে পড়ে বিস্ফোরণ ঘটে।”
দুর্ঘটনার পর রানওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।