প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গুলশানে হিট অফিসার বুশরার ‘সিসা বার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অবস্থিত একটি সিসা লাউঞ্জ পরিচালনার অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনের বিরুদ্ধে। বুশরা ডিএনসিসির চিফ হিট অফিসার (Chief Heat Officer) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ছিলেন এশিয়ার প্রথম নারী চিফ হিট অফিসার।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গুলশানের ‘দ্য কোর্ট ইয়ার্ড বাজার সিসা লাউঞ্জ’-এ গত ১৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে পুলিশের বিশেষ অভিযান পরিচালনার পর বিষয়টি সামনে আসে।

অভিযানে বিপুল পরিমাণ সিসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের নেশাদ্রব্য এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। লাউঞ্জের মালিক উপস্থিত না থাকলেও, অবৈধ ব্যবসা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট নথি জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিষ্ঠানটি ক্যাটারিং ব্যবসার অনুমতি নিয়ে ভাড়া নেওয়া হলেও, পরবর্তীতে অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট ও সিসা বার হিসেবে পরিচালিত হচ্ছিল।

এ ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তদের অনেকে সরাসরি বা পরোক্ষভাবে সিসা লাউঞ্জটির সঙ্গে যুক্ত।

সূত্রে আরও জানা যায়, শুধু এই লাউঞ্জ নয়, গুলশান ও বনানীর আরও কয়েকটি অভিজাত সিসা বার অবৈধভাবে পরিচালিত হচ্ছে। পূর্বে বন্ধ হয়ে যাওয়া ‘মন্টানা লাউঞ্জ’, ‘সেলসিয়াস’ ও ‘এক্সোটিক’ নামের কয়েকটি বারের পুনরায় খোলার জন্য প্রভাবশালীদের তদবির চলছে।

নারকোটিক্স বিভাগ জানিয়েছে, এসব প্রতিষ্ঠান বন্ধের পরও রাজনৈতিক প্রভাব ও তদবিরের কারণে পুনরায় চালু করার চেষ্টা চলছে। অভিযোগ রয়েছে, কিছু ব্যবসায়ী রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন।

বিশেষ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় রাজধানীর কয়েকটি সিসা বার মন্ত্রী, সংসদ সদস্য ও মেয়রদের ছত্রছায়ায় গড়ে ওঠে। গুলশানের ‘দ্য কোর্ট ইয়ার্ড বাজার’ পরিচালনা করতেন বুশরা আফরিন, বনানীর ‘আল গিসিনো’ ছিল এক মন্ত্রীর পুত্র রনি চৌধুরীর, আর ‘ফারেন হাইট’ পরিচালিত হতো শেখ পরিবারের এক সদস্যের নামে।

তবে সরকার পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, এবং সংশ্লিষ্টরা গা ঢাকা দেন। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, বর্তমানে একটি অবৈধ সিন্ডিকেট এসব সিসা ব্যবসার পেছনে সক্রিয়, যেখানে অসাধু আইনজীবী, আমলা ও সাংবাদিকরাও জড়িত।

এদিকে, গোপনে পুরনো সিসা বারগুলো নতুন নামে পুনরায় চালু হচ্ছে, যা নিয়ে প্রশাসনের ভেতরেই উদ্বেগ তৈরি হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা