প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপের নিচ থেকে মিলছে মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের অভিযান শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফা নিউজের তথ্যানুযায়ী, শুক্রবার (১০ অক্টোবর) গাজার বিভিন্ন হাসপাতালে মোট ১৫৫ জনের মরদেহ আনা হয়, যার মধ্যে ১৩৫ জনকেই ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলি সেনাদের পিছু হটা ও বোমাবর্ষণ বন্ধ হওয়ার পর উদ্ধারকর্মীরা বহুদিনের আটকে থাকা মরদেহগুলো উদ্ধার অভিযান চালাতে সক্ষম হন।

ওয়াফা জানায়, উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে ৪৩টি আল-শিফা হাসপাতালে, ৬০টি আল-আহলি আরব হাসপাতালে, ৪টি আল-আওদা হাসপাতালে, ১৬টি আল-আকসা শহীদ হাসপাতালে এবং ৩২টি নাসের হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, শুক্রবার দখলদার বাহিনীর হামলায় নতুন করে ১৯ জন নিহত হয়েছেন এবং আহত অবস্থায় আরও একজন প্রাণ হারিয়েছেন।
গাজা সিটির দক্ষিণাংশে ঘাবুন পরিবারের বাড়িতে এক হামলায় ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া রাদওয়ান এলাকায় একজন ও খান ইউনিসে দুইজন নিহত হন।

যুদ্ধবিরতি কার্যকর হলেও এসব হামলা ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কি না, তা এখনো পরিষ্কার নয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামাস ২০ জীবিত জিম্মি ও কিছু মৃতদেহ ফেরত দেবে বলে ধারণা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা