প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনে বিশ্বাসী নয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কোনো অবস্থাতেই পিআর (প্রো-র‌্যাপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয়। যারা পিআরের কথা বলছেন, তারা জনগণের কাছে গিয়ে জানতে পারেন কি চায়। কোনো অবস্থাতেই দলীয় স্বার্থ হাসিলের জন্য জনগণের ওপর এই পদ্ধতি চাপানো যায় না।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা বিএনপির স্মরণ সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, “যারা নতুন নতুন কথা বলে নির্বাচন ও গণতন্ত্র দীর্ঘায়িত করার বাহানা খুঁজছেন, তারা খুঁজতেই পারেন। বাংলাদেশের মানুষ ৫৪ বছর ধরে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে অভ্যস্ত। সংবিধানও সরাসরি ভোটের কথা বলে। যেসব দল পিআরের দাবি করছে, তারা চাইলে তাদের নির্বাচনী ইশতেহারে তা উল্লেখ করতে পারে। কিন্তু ইতিহাস প্রমাণ করে, তারা কতজন প্রতিনিধি সংসদে পাঠাতে পেরেছে, জনগণ তাদের কতটা বিশ্বাস করেছে।”

তিনি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে বলেন, “তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন।”

নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণার বিষয়ে ডা. জাহিদ বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল। জননেতা তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ড যথা সময়ে দলীয় মনোনয়ন প্রদান করবে। জনগণের আস্থা ও দেশের উন্নয়নের জন্য প্রয়োজনমতো প্রার্থী ঘোষণা করা হবে।”

এ সময় বিএনপির যুগ্মমহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, এনসিপির প্রতীকের বিষয়ে দাবির অধিকার থাকলেও জনগণ এ নিয়ে ইতিমধ্যেই মত দিয়েছেন।

স্মরণ সভায় বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলামসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা