প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘শিশুদের নোবেল খ্যাত শান্তি’ পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার সুদীপ্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫) শিশুদের অধিকার, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে তার কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন।

সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি সম্পন্ন করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। তিনি মাস্টারপাড়া এলাকার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান।

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশু অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। সুদীপ্ত গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার সংরক্ষণে কাজ করছেন। তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রামীণ ও অনলাইন উভয় মাধ্যমে সচেতনতা তৈরি করেছেন।

সুদীপ্ত দেবনাথ

সুদীপ্তের উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছেন। তিনি ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে শিশু অধিকার সম্পর্কিত বার্তা পৌঁছে দিচ্ছেন। এছাড়া মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধিতে কাজ করছেন।

মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের জন্য কাজ করতে চাই।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা