প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পবিপ্রবিতে বিএনপিপন্থী দুই সংগঠনের দ্বন্দ্ব

পবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপিপন্থী শিক্ষকদের দুটি সংগঠন পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে। সম্প্রতি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট “শহীদ জিয়া গবেষণা পরিষদ”-এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিলে সংগঠনটির পক্ষ থেকে পাল্টা প্রতিবাদলিপি প্রকাশ করা হয়।

সূত্রে জানা গেছে, জুলাই থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত সময়ে বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী চেতনার শিক্ষকদের কার্যক্রম বেড়ে যায়। এরপর থেকেই একই মতাদর্শের দুই সংগঠনের মধ্যে বিভাজন স্পষ্ট হয়।

ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অপরদিকে, শহীদ জিয়া গবেষণা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. বদিউজ্জামান ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।

গত ৮ অক্টোবর ইউট্যাবের এক বৈঠকে সংগঠনটির নেতারা বলেন, “কেন্দ্রীয় কমিটির অনুমোদন না আসা পর্যন্ত দলীয় ঐক্য রক্ষার স্বার্থে শহীদ জিয়া গবেষণা পরিষদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হবে।”
তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে শহীদ জিয়া গবেষণা পরিষদ ১০ অক্টোবর একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে তারা ইউট্যাবের সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক ও বেআইনি’ বলে দাবি করে এবং অভিযোগ তোলে যে, এমন পদক্ষেপ দলীয় ঐক্য ও আন্দোলনের ধারাকে বিভ্রান্ত করবে।

পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক তালুকদার যৌথ বিবৃতিতে বলেন, “কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তি জাতীয়তাবাদী রাজনীতিকে বিভক্ত করার চেষ্টা করছে। পবিপ্রবিতে মুক্ত চিন্তার চর্চার নামে এ ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”

অন্যদিকে, ইউট্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে জানান, “আমি এ বিষয়ে অবগত নই। স্থগিতাদেশের বিষয়ে আমাকে কেউ জানায়নি। যারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা এ বিষয়ে ভালো বলতে পারবেন।”

এ বিষয়ে শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, “১৯৯৭ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সংগঠনটির উদ্বোধন করেছেন। শহীদ জিয়া গবেষণা পরিষদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা অজ্ঞতাপূর্ণ। কোনো সংগঠনের অধিকার নেই অন্য সংগঠনের কার্যক্রম স্থগিত করার।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা